logo

সুনামগঞ্জে চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

সুনামগঞ্জে চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

সুনামগঞ্জের তাহিরপুরে চুরির অভিযোগে রেজাউল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রামবাসী আটক করে গাছে বেঁধে নির্যাতন করেছে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রেজাউল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে চুরির সঙ্গে জড়িত। তার যন্ত্রণায় গ্রামবাসী অতিষ্ঠ। 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার ভোরে চারাগাঁও গ্রামের জাকির হোসেনের বাড়িতে চুরির চেষ্টা করতে গিয়ে রেজাউলকে হাতেনাতে ধরা হয়। এরপর বিকেল পর্যন্ত তাকে গাছে বেঁধে রাখা হয়।

গ্রামবাসীরা বলেন, রেজাউলকে তার পরিবারও অনেকবার শাসন করেছে। এর আগে তাকে সংশোধনের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হলেও কিছুদিন কারাগারে থাকার পর বের হয়ে পুনরায় চুরিতে জড়িয়ে পড়ে। ঘটনার পর তার পরিবারকে খবর দেওয়া হলেও কেউ তাকে নিতে আসেনি। পরে বিকেলে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিপন উদ্দিন জানান, চুরির দায়ে স্থানীয়রা তাকে আটক করেছিল। খবর পেয়ে তাকে উদ্ধার করেছি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।