মুন্সীগঞ্জে বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনচালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তা মোড় এলাকায় হাসাড়া-বাড়ৈখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নসিমনচালক মজনু (৩৬) ও তার সহকারী (হেলপার) দুলাল মনি দাস (৪২)। নিহত মজনু ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি শ্রীনগরের মদনখালী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অন্যদিকে দুলাল মনি দাস শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকার মৃত সাধন মনি দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাড়া এলাকা থেকে কাঠ নামিয়ে নসিমনটি বাড়ৈখালীর দিকে যাচ্ছিল। পথে লস্করপুর নতুন রাস্তা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে নসিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক মজনু ও সহকারী দুলাল মনি দাস মাথায় গুরুতর আঘাত পান এবং পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকার দিকে পালিয়ে যায়।
নিহত মনি দাসের ভাই স্বপন মনি দাস বলেন, শিবরামপুর হাট উপলক্ষে তার ভাই দুলাল নসিমনে কাঠ নিয়ে হাসাড়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
.png)






