প্রবেশপত্র ফেলে আসা এইচএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়াল ছাত্রদল

প্রবেশপত্র বাসায় রেখে এসে কান্নায় ভেঙে পড়েন এক এইচএসসি পরীক্ষার্থী। ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তায় দ্রুত প্রবেশপত্র এনে দেওয়ার ব্যবস্থা করা হয়। তাদের দ্রুত পদক্ষেপে নির্ধারিত সময়ে হলে প্রবেশ করে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয় ওই শিক্ষার্থী।
এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার দিন বুধবার (৯ জুলাই) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পরীক্ষা শুরুর প্রথম দিন থেকে শিক্ষার্থীদের সহায়তায় লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদল একটি তথ্য ও সেবা কেন্দ্র চালু করেছে। কেন্দ্রটিতে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য অস্থায়ী শেড নির্মাণ করা হয়েছে, যাতে তারা রোদ ও বৃষ্টি থেকে আশ্রয় নিতে পারেন।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি বলেন, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়লে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাৎক্ষণিকভাবে সহযোগিতা করার। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এ উদ্যোগ।
সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল বলেন, পরীক্ষা চলাকালীন প্রতিদিন আমাদের তথ্য ও সেবা কেন্দ্র চালু থাকবে। প্রবেশপত্র, কক্ষ খুঁজে পাওয়া, প্রয়োজনীয় তথ্যসহ যে কোনো সমস্যায় শিক্ষার্থীদের পাশে থাকব।





