logo
Advertisement

ওসির নাম-নম্বর ব্যবহার করে টাকা আদায়ের চেষ্টা, থানায় জিডি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
জামালপুর, ময়মনসিংহ
ওসির নাম-নম্বর ব্যবহার করে টাকা আদায়ের চেষ্টা, থানায় জিডি
মেলান্দহ থানা। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরের মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হকের নাম ও সরকারি মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি নিজেই। একই ঘটনায় যাকে বার্তা পাঠিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল, তিনিও পৃথক জিডি করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানান ওসি এটিএম মাহমুদুল হক। বিজ্ঞপ্তিতে তিনি পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

এতে আরও বলা হয়, অজ্ঞাত ব্যক্তিরা তার নাম এবং সরকারিভাবে দেওয়া নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভয়ভীতি ও হুমকি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে ওসি এটিএম মাহমুদুল হক বলেন, একজন পরিচিত ব্যক্তি ফোন করে বিষয়টি জানালে আমি অবাক হয়ে যাই। আমি তো কারও কাছে টাকা চাইনি। পরে বিষয়টি জানতে পেরে থানায় জিডি করি। আপাতত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও নম্বরটি পুনরুদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। যাকে মেসেজ করে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল, তিনিও জিডি করেছেন।

ওসি আরও বলেন, আমার পরিচয় ব্যবহার করে কেউ টাকা চাইলে বা কোনো ধরনের বার্তা দিলে যাচাই না করে তাতে সাড়া দেবেন না। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।