logo

গণভোটের রায় না মানলে সরকারকে বিদায় নিতে হবে: গোলাম পরওয়ার

গণভোটের রায় না মানলে সরকারকে বিদায় নিতে হবে: গোলাম পরওয়ার
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত পথসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: এশিয়া পোস্ট

জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার না করলে জনগণ সরকারকে বিদায় দিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে এ পথসভার আয়োজন করা হয়।

পথসভায় গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোট হয়েছে। জনগণ রায়ও দিয়েছে, কিন্তু সেই রায় মেনে সংবিধান সংস্কার করা হচ্ছে না। জনগণের রায় উপেক্ষা করে সংবিধান সংস্কার না করলে এই জনগণই সরকারকে চিরবিদায় দিয়ে দেবে।

পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নাওডোবা এলাকায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে সেখানে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের অন্যান্য নেতারা।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে ১১ দলীয় জোটের নেতারা খুলনার উদ্দেশে রওনা হন।