logo

শিশুশিক্ষার্থীকে ইভটিজিং করে জরিমানা দিলেন দুই লাখ টাকা

শিশুশিক্ষার্থীকে ইভটিজিং করে জরিমানা দিলেন দুই লাখ টাকা
শাহরাস্তি থানা। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক শিশুশিক্ষার্থীকে ইভটিজিং করার দায়ে চারজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

বুধবার (৬ মে) ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিরা আজিম একাডেমির এক শিশুশিক্ষার্থীকে পাঁচ বখাটে ইভটিজিং করে। পরে থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে আটক করে।

আটককৃতরা হলেন ওই ইউনিয়নের কসবা গ্রামের মো. রাকিবুল হাসান, তানজিল ছিদ্দিক সৌরভ, আহসিম বিল্লাহ তানি ও রায়েরবাগ গ্রামের আশ্রাফুল করিম। তাদের সহযোগী মাহফুজ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ইউএনও নাজিয়া হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ইভটিজিং রোধে আমাদের নজরদারি জোরদার করা হবে। সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।