Advertisement

রংপুরে এক দিনেই ঝরল ৫ প্রাণ

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
রংপুরে এক দিনেই ঝরল ৫ প্রাণ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

রংপুর জেলার পীরগাছা ও পীরগঞ্জ উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক দিনেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ট্রেনে কাটা পড়ে দুই নারী, ছাদ থেকে পড়ে এক ব্যবসায়ী, বিলে ডুবে এক স্কুলছাত্রী এবং সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী রয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) জেলার পৃথক দুই উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা রেলওয়ে স্টেশনসংলগ্ন সুখানপুকুর এলাকায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়। নিহতদের একজন পীরগাছা উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৫৫)। অপরজন তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামের আবু তাহেরের মেয়ে আইরিন আক্তার তারিন (২১)। প্রায় ছয় বছর আগে একই গ্রামের আব্দুর রউফের সঙ্গে আইরিনের বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পীরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, লালমনিরহাটগামী ‘পদ্মরাগ’ ট্রেনটি পীরগাছা স্টেশনে ক্রসিংয়ের জন্য অপেক্ষমাণ ছিল। দুপুর ১২টা ১০ মিনিটে সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় সুখানপুকুর এলাকায় রাশেদা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ‘পদ্মরাগ’ ট্রেনটি স্টেশন ছেড়ে আউটার সিগন্যালের দিকে পৌঁছালে আইরিন আক্তার রেললাইনে শুয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাহেব গণি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই দিন সকালে পীরগাছা বাজারে ছাদ থেকে পড়ে নাহিদ হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বটতলা এলাকার বাসিন্দা ফজলু মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহল ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে পীরগঞ্জ উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে রোজাতুল খাতুন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের খেরুয়া আলমপুর গ্রামের ধারাকোল বিলে এ দুর্ঘটনা ঘটে। রোজাতুল খাতুন ওই গ্রামের রজ্জব আলীর মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে ধারাকোল বিলে গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে যায় রোজাতুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই দিনে পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় উজ্জ্বল রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা–রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল রায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মসুরদরগাহ এলাকার দুলাল রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে রংপুরগামী একটি মোটরসাইকেল বড়দরগাহ বাজার এলাকায় পৌঁছালে চালক হঠাৎ রাস্তা পার হতে যাওয়া দুই পথচারীকে বাঁচানোর চেষ্টা করেন। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আসা রংপুরগামী ‘রোমান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের নিচে চলে যায়। বাসের চাপায় পেছনে বসে থাকা উজ্জ্বল রায় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত চালককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিষয় :রংপুর