কুড়িগ্রামে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মোখলেছুর রহমান মিঠু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
এর আগে, বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানয়, ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাটে নাচ-গানের আসর বসে। গত ২৫ সেপ্টেম্বর সেখানে তিন তরুণীকে আনা হয়। তিনজনের মধ্যে দুজন চলে যান। ভুক্তভোগী তরুণীকে ২৯ সেপ্টেম্বর থেকে আটকে রেখে মোখলেছুর রহমান মিঠু, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। তার কাছে থাকা পাঁচ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
বাড়ি ফেরার মতো টাকা না থাকায় অভিযুক্তদের কাছে টাকা চাইতে নলেয়া রশিদ মোড়ে যান ভুক্তভোগী। টাকা না দেওয়ায় সেখানে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ভুক্তভোগী ওই তরুণীর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
