logo
Advertisement

শিক্ষার্থীদের যৌন হয়রানি, অভিযুক্ত শিক্ষক আটক

শিক্ষার্থীদের যৌন হয়রানি, অভিযুক্ত শিক্ষক আটক
অভিযুক্ত শিক্ষককে আটক করে হেফাজতে নেয় পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে যশোরের মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকরামুল ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়।

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক ইকরামুল ইসলাম দীর্ঘদিন ধরে স্কুলের একাধিক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হলে শিক্ষার্থীদের স্পর্শকাতর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি। মান-সম্মানের ভয়ে অনেক শিক্ষার্থী তা সহ্য করতে বাধ্য হয়। এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একাধিকবার অভিযোগ জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ ওঠে।

দীর্ঘদিন কোনো বিচার না পেয়ে সোমবার সকাল থেকে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে আসলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা ইকরামুল ইসলামকে একটি কক্ষে অবরুদ্ধ করে সব ধরনের ক্লাস বর্জন ও অনশন শুরু করেন।

পরে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছান মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ এবং ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাফফর হোসেন। তারা ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং শাস্তিমূলক ব্যবস্থার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।

পরবর্তীতে মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমানে ছেলে এনজেল পারভেজ রিফাত বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা দায়ের করেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ এশিয়া পোস্টকে জানান, শিক্ষক ইকরামুল ইসলাম পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন এশিয়া পোস্টকে জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।