logo

বাল্যবিয়ে রোধে ১০০ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা

বাল্যবিয়ে রোধে ১০০ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা

উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলায় সন্তানদের বাল্যবিয়ে না দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে ১০০ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমাল ফাউন্ডেশন। এ জন্য উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থীর পরিবারকে সুদমুক্ত ঋণ দেওয়া হয়।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমাল ফাউন্ডেশন’ এর উদ্যোগে এই সহায়তা প্রদান ও প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

‘বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প ফর পার্পস অব প্রিভেন্টিং অ্যান্ড রেসপন্ডিং টু চাইলড ম্যারেজ অ্যান্ড আর্লি ইউনিয়নসে’র আওতায় এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী বলেন, বাল্যবিয়ে শুধু সামাজিক ব্যাধি নয়, এটি আমাদের শিক্ষার পথে সবচেয়ে বড় বাধা। মেয়েদের শিক্ষার পথ সুগম করতে পারলে বাল্যবিয়ের হার কমে আসবে। এই সুদমুক্ত ঋণ প্রান্তিক পরিবারগুলোর জন্য এক নতুন আশার আলো।

আমাল ফাউন্ডেশনের সহকারী পরিচালক সারাহ জাবীন কৃষ্টির সভাপতিত্বে ও মো. আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম, উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

সভাপতির বক্তব্য সংস্থাটির সহকারী পরিচালক সারাহ জাবীন কৃষ্টি জানান, মাঠপর্যায়ে জরিপ করে দেখা গেছে—অর্থনৈতিক সংকটই বাল্যবিয়ের প্রধান কারণ। তাই শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরাসরি পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। বর্তমানে উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চলছে।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা মনে করেন, ঋণের অর্থ দিয়ে ছোটখাটো আয়ের উৎস তৈরি করতে পারলে মেয়েদের বোঝা হিসেবে দেখার মানসিকতা দূর হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সুধীজন এই মানবিক কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।