নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়কে ছাত্রলীগের মিছিল

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঢাকা রংপুর মহাসড়কে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার (৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর লক্ষণপাড়া এলাকার ঢাকা রংপুর মহাসড়কে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মিছিল করেন। ছাত্রলীগ ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে করা মিছিলে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবেসহ’ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলের এক মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রংপুর জেলা ছাত্রলীগের ব্যানারে মুখে মাস্ক ও হেলমেট পরে ২০ থেকে ২৫ জনের একটি দল ঝটিকা মিছিল করেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, জুমার নামাজের সময় ১৫ থেকে ২০ জন মিছিল করেছে। আমরা ভিডিও পর্যালেচনা করে আইনি ব্যবস্থা নেব।
