Advertisement

পাবনায় তেলের পাম্পে আগুন, ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
পাবনায় তেলের পাম্পে আগুন, ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
তেলপাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : এশিয়া পোস্ট

পাবনার আটঘরিয়া উপজেলায় একটি মিনি তেলপাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাম্পের দুটি তেলের ট্যাংকি, তিনটি দোকান ও সংলগ্ন ভবনের একটি অংশ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় অন্তত ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঝপাড়া ইউনিয়নের পারখিদিরপুর কুমারগাড়ী বাজার এলাকায় তোরাব আলীর মালিকানাধীন মিনি তেলপাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে তোরাব আলী তার নিজস্ব ভবনের নিচে একটি দোকানের পাশে ডিজেল ও পেট্রোল বিক্রির জন্য এই মিনি তেলপাম্পটি স্থাপন করেন। সরকারি কোনো অনুমোদন ছাড়াই স্থানীয়ভাবে পাম্পটি পরিচালিত হচ্ছিল।

মঙ্গলবার রাতে পাম্পে তেল নামানোর সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। মুহূর্তের মধ্যে আগুন পাম্পের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে পাম্পের দুটি তেলের ট্যাংকি, তিনটি দোকান ও ভবনের একটি অংশ সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশের আরও দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর আটঘরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দাশুড়িয়া ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আটঘরিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসান আলী জানান, তিনটি ইউনিট দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক হিসাবে পুড়ে যাওয়া দোকান ও তেলপাম্পসহ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩১ লাখ টাকা।

বিষয় :