ডাকাতের কবলে প্রসূতিবাহী অ্যাম্বুলেন্স, পথে প্রসবের পর প্রাণ গেল নবজাতকের

সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ডাকাত দলের কবলে পড়েন এক চিকিৎসক। ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে গাছ ফেলে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ৭ থেকে ৮ জন মুখোশধারী ডাকাত। এ সময় পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নেয় তারা। এরই মধ্যে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন ওই চিকিৎসকের স্ত্রী। পরে হাসপাতালে যাওয়ার পথে বারোবাজার এলাকায় পৌঁছালে নবজাতকটি মারা যায়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী চিকিৎসক আবদুল্লাহ আল নোমান। এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ (বাগমারা বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা জেলা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী চিকিৎসক আবদুল্লাহ আল নোমান চুয়াডাঙ্গা জেলা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। তিনি চুয়াডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার। তার স্ত্রী আফসারা তাসনীম।
ডা. আবদুল্লাহ আল নোমান জানান, তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হঠাৎ ব্যথা অনুভব করলে শনিবার সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গার নারদিতা ক্লিনিকে নেওয়া হয়। পরে ব্যথা বেড়ে গেলে ওই দিন মধ্যরাতে স্ত্রী, মা, শাশুড়ি, সন্তান ও একজন নার্সকে নিয়ে যশোরের আদ্-দ্বীন হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তারা।
নোমান বলেন, রাত দেড়টার দিকে জীবননগর-কালীগঞ্জ সড়কের গান্না-সিংদহ এলাকায় পৌঁছালে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি ডাকাতির কবলে পড়ে। এ সময় ৭ থেকে ৮ জন মুখোশধারী ডাকাত অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে তাদের কাছ থেকে নগদ এক লাখ টাকা নিয়ে যায়। স্ত্রী সন্তানসম্ভবা ও অসুস্থ এ কথা জানিয়ে ডাকাতদের কাছে অনেক অনুনয়-বিনয় করলেও তারা কর্ণপাত করেনি। একপর্যায়ে তার স্ত্রীর কানে থাকা দুল ছিনিয়ে নিতে গিয়ে কান কাটার চেষ্টা করে ডাকাতেরা। তবে অনুরোধের পর তারা তা থেকে বিরত থাকে। পরে তার মা ও পরিবারের অন্য সদস্যদের কাছে থাকা স্বর্ণের চেনসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
তিনি আরও বলেন, ডাকাতির পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ আসার খবর পেয়ে ডাকাতেরা চলে যায়। এ সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে অ্যাম্বুলেন্সের চাবিও হারিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর চাবি খুঁজে পাওয়ার পর সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে তারা যশোরের উদ্দেশ্যে রওনা হন।
আবদুল্লাহ আল নোমান বলেন, ডাকাতির ঘটনার শুরু থেকেই তার স্ত্রী ভীত হয়ে পড়েন। ডাকাতির সময়ই স্ত্রীর পেট থেকে নবজাতকের একটি পা বের হয়ে আসে। পরে কালীগঞ্জ শহর পার হয়ে বারোবাজার এলাকায় পৌঁছালে ভূমিষ্ঠ হওয়া শিশুটি মারা যায়। নবজাতকটি ছেলে ছিল। সন্তান হারানোর পর তারা চুয়াডাঙ্গায় ফিরে আসেন। বর্তমানে তার স্ত্রী বাড়িতে চিকিৎসাধীন। এ ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। সেখানে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। অ্যাম্বুলেন্সে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। এ ঘটনায় আজ দুপুরে বাদী হয়ে ডা. নোমান মামলা করেছেন।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন, ওই দিন ডাকাতির ঘটনা ঘটেছে। এরই মধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে থানায় মামলা করার জন্য বলা হয়েছিল।
তিনি আরও বলেন, ডাকাতির সময় নবজাতকটির মৃত্যু হয়নি। ডাকাতির ঘটনা শেষে যশোরে যাওয়ার পথে বারোবাজার এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সে ভূমিষ্ঠ হওয়া শিশুটির মৃত্যু হয়। ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় সড়কে কেটে ফেলে রাখা গাছ সরিয়ে অ্যাম্বুলেন্সটিকে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দেয়।

