হাঁসের জন্য ঝিনুক আনতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

মাদারীপুর সদর উপজেলায় হাঁসের জন্য ঝিনুক আনতে গিয়ে পানিতে ডুবে শ্রাবণী বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের শিকিনোহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণী বেগম শিকিনোহাটা গ্রামের বাসিন্দা হাতেম আলী ফকিরের স্ত্রী।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে শ্রাবণী বেগম বাড়ির পার্শ্ববর্তী সাগর হাওলাদারের মাছের ঘেরে হাঁসের জন্য ঝিনুক সংগ্রহ করতে যান। ঝিনুক সংগ্রহ শেষে তিনি সেখানে গোসল করার সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দিলে তারা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শ্রাবণী বেগমের ননদ শাবনুর বেগম জানান, ভাবীর আগের থেকেই মৃগী রোগ ছিল। হাঁসের খাবারের জন্য পুকুরে ঝিনুক আনতে গেলে সেখানে এই রোগে আক্রান্ত হলে ডুবে যায়।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রিয়াদ মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, পানিতে পড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। এ বিষয়ে তাদের পরিবারের কোনো অভিযোগ নেই।





