logo

আরব আমিরাতে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আরব আমিরাতে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আরব আমিরাতের শারজাহ শহর থেকে মো. হেলাল (২৫) নামে বাংলাদেশি এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিহত যুবকের বাবা মো. নুর আলম ও তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পরিবারের দাবি, তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে সহকর্মী ও মালিক পক্ষের কেউ। নিহত যুবক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।  

নুর আলম জানান, গত ১১ এপ্রিল তারিখে শারজাহ শহরে নিজ কর্মস্থলে আমার ছেলেকে হত্যা করে তার লাশ টয়লেটে ঝুলিয়ে রাখা হয়। তবে কে বা কারা এমনটি করেছে, তা তিনি জানাতে পারেননি। অন্য সহকর্মীর মাধ্যমে ছেলের মৃত্যুর খবরটি জানতে পারেন। 

পারিবারিকভাবে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর মাসে হেলাল আরব আমিরাতে গমন করেন। সেখানে তিনি ‘নুর আল কামাল পেইন্ট কোনট্রাকটিং’ নামের একটি কোম্পানিতে পেইনটার হিসেবে কাজ করতেন। হেলাালের অন্য ভাই  ফয়সাল কিছু দিন আগে সমস্যা পড়ে একই কোম্পানি থেকে বাড়িতে ফিরে আসেন। কিন্তু এখন একমাত্র উপার্জনশীল ছেলের অকাল মৃত্যুর খবরে চোখে অন্ধকার দেখছেন আলম।  

কর্মস্থলে ছেলের মৃত্যুর ঘটনাকে হত্যা দাবি করে, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের নিকট জোর দাবি করছেন। পাশাপাশি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সহায়তা চান।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলম বলেন, এ রকম কোনো খবর এখনও আমাদের নিকট নেই। তবে খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাব।