logo

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

খুলনায় চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নগরীর শিববাড়ি মোড় এলাকায় আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লাগে। এতে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না, শুধু চালক ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অ্যাম্বুলেন্স চালক মোল্লা সোহাগ বলেন, আদ-দ্বীন হাসপাতাল থেকে ময়লাপোতা মোড়ে যান। সেখান থেকে অফিসের উদ্দেশে আবার রওনা হন। শিববাড়ি মোড়ে আসার পর গাড়ি বন্ধ হয়ে যায়। বায়ে তাকিয়ে দেখেন আগুনের তাপ। পেছন থেকে মাথার দিকে আগুনের তাপ লাগে। আগুনের তাপে পেছনের কিছুটা চুলও পুড়ে যায়। দ্রুত গাড়ি থেকে নেমে বিষয়টি অফিসে জানান। জানানোর পরে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদ-দ্বীন হাসপাতালের ম্যানেজার মো. হোসেন বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫-১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে ওভার হিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। গাড়িটি চলন্ত অবস্থায় বন্ধ হয়ে আগুন লেগে যায়।

সোনাডাঙ্গা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. র‌ফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপু‌রে আদ-দ্বীন হাসপাতা‌লের এক‌টি অ্যাম্বু‌লেন্স ময়লা‌পোতা হয়ে হাসপাতা‌লের দি‌কে যা‌চ্ছিল। চালক যান্ত্রিক ত্রু‌টি উপল‌ব্দি ক‌রে গা‌ড়ি থে‌কে নে‌মে যান এবং শিববা‌ড়ি মোড় অবস্থানরত পু‌লি‌কে বিষয়‌টি জানান। প‌রে পু‌লিশ ফায়ার সা‌র্ভিসকে খবর দি‌লে তারা আগুন নিয়ন্ত্রণ ক‌রে। এ ঘটনায় হতাহ‌তের কো‌নো খবর পাওয়া যায়‌নি।