logo

তাহেরপুত্র বিপ্লবের কল রেকর্ড ফাঁস/‘বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইব’

‘বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইব’
এএইচএম আফতাব উদ্দিন বিপ্লব। ছবি : ফেসবুক থেকে পাওয়া

‘গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইব’—লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আবু তাহেরের বড় ছেলে এএইচএম আফতাব উদ্দিন বিপ্লবের এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে হোয়াটসঅ্যাপে ফাঁস হওয়া এই অডিও কথোপকথন ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। এতে রাজনৈতিক বিরোধের জেরে বাড়িঘরে আগুন দেওয়া, হামলা ও প্রাণহানির পরিকল্পনার মতো বক্তব্য শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।

Advertisement

এএইচএম আফতাব উদ্দিন বিপ্লব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা কমিটির সাবেক সভাপতি। তার বাবা প্রয়াত এম এ তাহের (আবু তাহের) লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার ছোট ভাই এ কে এম সালাহ উদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে বিপ্লব ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। সর্বশেষ ভাইরাল হওয়া অডিও প্রসঙ্গে বিপ্লব দাবি করেছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

কী আছে অডিওতে

রেকর্ডিংয়ে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘৫-৬টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইব শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন ৮-১০টারে মারি হালাইব।’ কথোপকথনে আরও বলা হয়, হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার সময় ঘরে কোরআন শরিফ, জায়নামাজ ও টুপি আছে কি না, তা দেখে নিতে হবে। নারী, শিশু ও বয়স্করা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কয়েকজনকে হত্যার পরিকল্পনা শোনা যায়।

রেকর্ডিংয়ের অন্য অংশে বিপ্লবকে নিজের রাজনৈতিক তৎপরতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, যুবলীগের জেলা সভাপতি পদে প্রার্থী হয়েছেন এবং ভাই এ কে এম সালাহ উদ্দিন টিপুর পাশে থেকে রাজনীতিতে সক্রিয় হতে চান। এ জন্য দুই-তিনটি ইউনিয়ন থেকে লোকজন জড়ো করে মুখ বেঁধে একটি জায়গায় মিছিলের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি। কথোপকথনের শেষ দিকে আবারও কয়েকজন ‘গেরিলা’ প্রস্তুত রাখার কথা বলে সময় অনুকূলে এলে সংকেত দিয়ে বিএনপি-জামায়াতের ৮-১০ জনকে হত্যার কথা শোনা যায়।

তবে কথিত অডিওটির সত্যতা, কথোপকথনের সময়কাল ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ কারণে অডিওটির ফরেনসিক পরীক্ষা ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

আগেও বক্তব্য দিয়ে আলোচনায় বিপ্লব

২০২৪ সালের ১৬ এপ্রিল লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাইন ভুলুর পক্ষে গণসংযোগে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমার চেয়ে বড় খারাপ লোক এ জেলাতে হয় নাই, হবেও না।’ নতুন তেওয়ারীগঞ্জ বাজারে মাইকে দেওয়া তার প্রায় ১১ মিনিটের সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বক্তব্যে তাকে ভোটের দিন পর্যন্ত এলাকায় অবস্থান করা, ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং প্রতিপক্ষকে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার কথা বলতে শোনা যায়।

তখন তার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা তৈরি হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাকে বহিরাগত উল্লেখ করে বক্তব্যকে উসকানিমূলক বলে দাবি করেন। তবে বিপ্লবের দাবি ছিল, তার ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এমন বক্তব্য দিয়েছিলেন।

হত্যা মামলায় মৃত্যুদণ্ড, পরে রাষ্ট্রপতির ক্ষমা

লক্ষ্মীপুরের বহুল আলোচিত বিএনপি নেতা ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় বিপ্লবের নাম উঠে আসে। ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল ইসলামকে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে অপহরণের পর হত্যা করা হয়। এ মামলায় ২০০৩ সালে বিচারিক আদালত বিপ্লবসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন বিপ্লব। পরে তার বাবা আবু তাহের ছেলের প্রাণভিক্ষা চেয়ে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে আবেদন করলে ওই বছরের ১৪ জুলাই রাষ্ট্রপতি তার মৃত্যুদণ্ড মওকুফ করেন। পরবর্তী সময়ে কামাল ও মহসিন হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়। ২০১২ সালে ফিরোজ হত্যা মামলা থেকেও রাজনৈতিক বিবেচনায় তার নাম প্রত্যাহার করা হয়।

কারাগারে বিয়ে ও দেশজুড়ে আলোচনা

২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থাকা অবস্থায় বিয়ে করে আবারও আলোচনায় আসেন বিপ্লব। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর ২০১৮ সালের ৯ অক্টোবর তিনি কারামুক্ত হন। হত্যা মামলায় দণ্ড, রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ড মওকুফ এবং কারাগারে বিয়ে—সব মিলিয়ে লক্ষ্মীপুরের রাজনৈতিক অঙ্গনে বিপ্লব বরাবরই আলোচিত নাম।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, গেরিলা যুদ্ধের নামে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতার পরিকল্পনা কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না। এ ধরনের বক্তব্য রাষ্ট্র ও সংবিধানবিরোধী। বিএনপি দীর্ঘ ১৬-১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, কখনো এমন সহিংস কর্মকাণ্ডের কথা চিন্তা করেনি।

তিনি অডিওটির নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতা এএইচএম আফতাব উদ্দিন বিপ্লবের একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে। এ ছাড়া জুলাই যোদ্ধা হত্যা মামলার আসামি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি বর্তমানে পলাতক। অডিও ক্লিপটি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।