logo

সালিশ বৈঠকে হামলায় বৃদ্ধ নিহত, আহত ৩

সালিশ বৈঠকে হামলায় বৃদ্ধ নিহত, আহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠকের সময় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিউল আলম (৬৫) ওই এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, দুদিন আগে স্থানীয় একটি বিরোধের মীমাংসার জন্য শুক্রবার দুপুরে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে হঠাৎ করে প্রতিপক্ষের রিপন, রিংকুসহ কয়েকজন যুবক উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। এতে সালিশে অংশ নেওয়া ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় শফিউল আলম ও তার পরিবারের সদস্যরা হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করলে তারা কিল-ঘুষি ও মারধরের শিকার হন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, একজন বৃদ্ধকে হাসপাতালে আনা হলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।