logo

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্রামবাসী। ছবি : ভিডিও থেকে নেওয়া

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আব্দুল মন্নান (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার নিজগাঁও গ্রামের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুল মন্নান নিজগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাল্লার নিজগাঁও গ্রামের রূপ মিয়া ও আজব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামসংলগ্ন একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের লোকজন একই বংশের। শনিবার সকালে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সুলফির (দেশীয় ধারালো অস্ত্র) আঘাতে আজব আলীর পক্ষের আব্দুল মন্নান গুরুতর আহত হন। তার পিঠে সুলফি বিদ্ধ হলে তিনি মারা যান।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। খবর পেয়ে শাল্লা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং গ্রামের পরিস্থিতি এখন শান্ত আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।