পরিচয় বদলেও রক্ষা হয়নি আ.লীগ নেতা ইউনুসের

গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস শেখকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার ইউনুস শেখ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে ইউনুস শেখ এলাকায় বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সরকার পরিবর্তনের পর তিনি রাজনৈতিক পরিচয় বদলে নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিতে শুরু করেন এবং নতুন করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালান। এ ছাড়া সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় বলেন, ইউনুস শেখকে প্রথমে একটি মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়। পরে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়ক অবরোধ ও নাশকতার ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে।
.png)






