কিশোরগঞ্জে ১০ টাকা কেজি দরে মিলছে দুধ

সিয়াম সাধনার মাস রমজান শুরু হতেই নিত্যপণ্যের বাজারে চড়া দামের চাপ। দুধসহ প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। এসব মানুষের কথা চিন্তা করে বিগত ৫ বছর ধরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পুরো রমজান মাসজুড়ে মাত্র ১০ টাকা কেজি দরে দুধ বিক্রি করছে স্থানীয় একটি ফার্ম।
খামার কর্তৃপক্ষ জানায়, রমজানের প্রথম দিন থেকেই প্রতিদিন সকাল ১০টায় দুধ বিক্রি শুরু হয়। যাতে বেশি মানুষ উপকৃত হতে পারেন, সে জন্য একজন সর্বোচ্চ এক কেজি করে দুধ কিনতে পারছেন। প্রতিদিন গড়ে ৯০-১০০ জন নিম্নআয়ের মানুষ এ সুবিধা পাচ্ছেন। স্থানীয় এলাকা ছাড়াও আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে দুধ সংগ্রহ করছেন।
বর্তমানে বাজারে প্রতি লিটার দুধ ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। সেই তুলনায় ১০ টাকায় দুধ পাওয়া অনেক পরিবারের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
নিয়ামতপুর গ্রামের কামাল উদ্দিন বলেন, রমজানে খরচ অনেক বেড়ে যায়। বাজারের দামে দুধ কিনে খাওয়া সম্ভব হয় না। ১০ টাকায় দুধ পাওয়ায় পরিবারের জন্য নিতে পারছি।
এ বিষয়ে ওই ফার্মের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মোহাম্মদ রিয়াদ বলেন, রমজান মাসে দুধের চাহিদা বাড়ে, কিন্তু অনেকেই উচ্চ দামে কিনতে পারেন না। তাদের কথা চিন্তা করেই নামমাত্র ১০ টাকা দরে দুধ বিক্রি করছি। পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি জানান, পুরো মাসে প্রায় ২ টন দুধ ১০ টাকা কেজি দরে বিক্রি করার পরিকল্পনা রয়েছে। এতে প্রতিদিন গড়ে ৯০-১০০ জনের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন।
স্থানীয়দের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন মানবিক উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং সমাজে সহমর্মিতার বার্তাও পৌঁছে দিচ্ছে। রমজানের চেতনায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।