লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জের সিয়াম ফিলিং স্টেশন এলাকায় সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. মোক্তারুজ্জামান, সাদেক হোসেন মাল, মানিক ব্যাপারি ও মাসুদ। তারা বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
.png)






