ঈদের দিনে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

চুয়াডাঙ্গায় ঈদের দিনে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সুরুজ আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হৃদয় নামে আরও এক মোটরসাইকেল আরোহী।
আজ শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আলী (২০) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা স্বপনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা বড় বাজারের আলী হোসেন মার্কেটের শাহীন ইলেকট্রিক দোকানে কর্মরত ছিলেন। আহত হৃদয় পৌর এলাকার শ্মশানপাড়ার বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হন। পথে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুরুজ আলীকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই সুরুজ আলীর মৃত্যু হয়েছে। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।