নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, পাঁচজন দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন—আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৩৫), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (১৩) এবং অন্য পরিবারের শিশু হযরত আলী (৮)।
প্রতিবেশী অনিক জানান, আব্দুল মান্নান একজন কাঁচামাল ব্যবসায়ী। সকালে রান্নার প্রস্তুতির সময় দিয়াশলাই জ্বালিয়ে চুলায় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সুলতানা আক্তারের শরীরের ৯০ শতাংশ, ছেলে সিয়ামের ৭৭ শতাংশ, মেয়ে মিমের ৪১ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া শিশু হযরত আলীর শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি বলেন, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু হযরত আলীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধ চারজনের অবস্থাই আশঙ্কাজনক।
