logo

চট্টগ্রামে মাইক্রোবাস থেকে স্বতন্ত্র প্রার্থীর সাড়ে ১০ লাখ টাকা জব্দ

চট্টগ্রামে মাইক্রোবাস থেকে স্বতন্ত্র প্রার্থীর সাড়ে ১০ লাখ টাকা জব্দ

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলায় নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে যৌথ বাহিনী। জব্দ করা টাকা ও মাইক্রোবাস থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে আবদুল বারিহাট নামক স্থান থেকে মাইক্রোবাস জব্দ করা হয়। এ সময় মাইক্রোবাসে তিনজন ছিলেন। বুধবার সকালে এসব টাকা চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে যৌথ বাহিনী জানিয়েছে, টাকাগুলো চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুল হকের (ফুটবল) পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল। এসময় গাড়ির চালক যানবাহনের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। চালক জানান, গাড়িটি রিকুইজিশন স্লিপের মাধ্যমে নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হয়নি।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন এশিয়া পোস্টকে বলেন, যৌথ বাহিনী ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটা মাইক্রোবাস জব্দ করেছে। বহনকারীদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কোনো ব্যক্তিকে আটক করা হয়নি। জব্দকৃত টাকা ও মাইক্রোবাস একজন প্রার্থীর এমন দাবির প্রেক্ষিতে এটি নির্বাচনি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে এই প্রতিবেদন লেখার সময় সোয়া ২টা পর্যন্ত এই বিষয়ে কোনো আদেশ আসেনি।