logo

আওয়ামী লীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল মুখোশধারীরা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
আওয়ামী লীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল মুখোশধারীরা
অপহৃত হোছেন আলী। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে হোছেন আলী নামে স্থানীয় এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে তুলে নিয়ে গেছে মুখোশধারীরা।

শুক্রবার (১৫ মে) রাত পৌনে ২টার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

অপহৃত হোছেন আলী বাহারছড়ার নোয়াখালী পাড়ার মৃত রহমত উল্লাহর ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু সাঈদ জানান, হোছেন আলী নামের এক ব্যক্তিকে মুখোশধারীরা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

অপহৃতের ভাতিজা মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে একদল মুখোশধারী তাদের বাড়িতে এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার চাচাকে পাহাড়ের দিকে নিয়ে যায়।

অপহৃতের স্ত্রী রোজিনা বেগম বলেন, রাত ২টার আগ মুহূর্তে নিজেদের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্য পরিচয় দেয় তারা। তারা বাড়ির চারদিক ঘিরে ফেলে। মামলার ওয়ারেন্ট রয়েছে বলে দরজা খুলতে চাপ সৃষ্টি করে। এমনকি দরজা না খুললে ভেঙে ফেলার হুমকি দেয়।

তিনি আরও বলেন, অনেকক্ষণ পর আমার স্বামী দরজা খুলতে বলেন। এরপর দরজা খোলার সঙ্গে সঙ্গে ৫ জন অস্ত্রধারী ঘরে প্রবেশ করে। এ সময় বাইরে আরও ৬-৭ জন অবস্থান নিতে দেখা যায়। তারা আমার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পাহাড়ের দিকে চলে যায়। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।

রোজিনা বেগম জানান, তার স্বামী গত চারদিন ধরে অসুস্থ। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। ছোট দুই সন্তান নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস জানান, ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে জানতে পেরেছি পুলিশের পরিচয়ে দিয়ে ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোছেন আলীকে পাহাড়ের দিকে নিয়ে গেছে। আমার জানামতে, তিনি একজন অসুস্থ ব্যক্তি।

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মুখোশধারীরা এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।