logo

বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত

বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টায় তিনি মারা যান।

এর আগে, বিকেলে ঝিনাইগাতী উপজেলার স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটে। যেখানে গুরুত্বর আহত হন রেজাউল করিম। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক ময়মনসিংহে রেফার্ড করলে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনি ইশতেহার পাঠের আয়োজন করা হয় ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে। সে অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার লোকজন অনুষ্ঠানস্থলে আসনে। এরপর অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল যান। এ সময় তিনিসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন। কিন্তু স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক সমানের সারির চেয়ারে বসতে না পেরে হট্টগোল বাজান। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। মঞ্চের সামনে রাখা কয়েকশ চেয়ার ভাঙচুর করে। এ সময় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।