৪০ বছরের দায়িত্ব শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন মুয়াজ্জিন

টানা চার দশক ধরে একই সুরে ভেসে এসেছে তার আজানের ধ্বনি। বয়সের ভারে স্বেচ্ছায় অবসর নিলেও সেই দীর্ঘ ত্যাগ ও খেদমতের অনন্য সম্মান জানাল এলাকাবাসী।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন স্থানীয় মুসুল্লিরা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুসল্লিরা এ আয়োজন করেন।
মুয়াজ্জিন মো. শুক্কুর আলী উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্কুর আলী দীর্ঘ ৪০ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিন ফজর থেকে এশা—পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার পাশাপাশি ইমামের অনুপস্থিতিতে নিয়মিত ইমামতিও করতেন তিনি। সম্প্রতি বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসরের ইচ্ছা প্রকাশ করলে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা তাকে সম্মানের সঙ্গে বিদায় জানানোর এই বিশেষ উদ্যোগ নেন।
বিদায় অনুষ্ঠানে শুক্কুর আলীকে নগদ অর্থ ও বিভিন্ন উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসিয়ে পুরো এলাকা ঘুরিয়ে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সঙ্গে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন স্থানীয় তরুণ ও প্রবীণ মুসল্লিরা।
মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন বলেন, বার্ধক্য চলে আসায় শুক্কুর আলী স্বেচ্ছায় অবসর নিতে চেয়েছেন। তাই তাকে সম্মান জানিয়ে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়েছে। তিনি খুব ভালো মানুষ ছিলেন। বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।



