দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন সাইফুল

কুমিল্লা নগরীতে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন ছেড়েছেন সাইফুল নামে এক যুবক। এখন থেকে তিনি জার্মানির সমর্থক বলে ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট মাঠে দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেন সাইফুল।
জানা গেছে, সাইফুল কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা। বন্ধুদের উপস্থিতিতে আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানে তিনি দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করেন এবং জার্মানির সমর্থক হিসেবে নিজের নতুন পরিচয় ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন বন্ধু সাইফুলের শরীরে দুধ ঢালছেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থন করলেও এখন থেকে জার্মানির খেলা ও ফুটবল দর্শনে অনুপ্রাণিত হয়ে নতুন দলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সাইফুল বলেন, অনেক বছর আর্জেন্টিনাকে সমর্থন করেছি। এবার নতুন করে জার্মানিকে সমর্থন করব। দুধ দিয়ে গোসল করে পুরোনো সব আবেগ ধুয়ে ফেলছি। এখন থেকে আমি জার্মানির ভক্ত।
ভিডিওতে মজার ছলে তিনি বলেন, আজ থেকে নতুন যাত্রা শুরু। সবাই আমাকে জার্মানির সমর্থক হিসেবেই চিনবেন।
.png)

