logo

সৌদিতে ফেলে আসা হজযাত্রীর লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
সৌদিতে ফেলে আসা হজযাত্রীর লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ
দুই পক্ষের সংঘর্ষ। ছবি: এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার সঙ্গে হজে যান। তিনি ফেরার পথে একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার জন্য গত বৃহস্পতিবার ওই বৃদ্ধার পরিবার হজ এজেন্সিতে গিয়ে চাপ দেয়। কর্তৃপক্ষ লাগেজের দায়িত্ব হজযাত্রীর বলে জানান।

এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বৃদ্ধার স্বজনরা হজ এজেন্সিটিতে ভাঙচুর চালান। এর জেরে শনিবার সকালে কদমতলি এলাকায় হজ যাত্রী ও এজেন্সির পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, হজযাত্রীর লাগেজ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।