গিনেস বুকে নিপার হ্যাটট্রিক

বাংলাদেশের প্রথম নারী হিসেবে নুসরাত জাহান নিপা নিজের নাম তিনবার গিনেস বিশ্বরেকর্ডের খাতায় লিখিয়েছেন। প্রথমে কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখান তিনি। দ্বিতীয়বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্লেক বা তুষারকণা বানিয়ে ফের গিনেসে নাম লিখিয়েছেন তিনি।
নুসরাত জাহান নিপা বরিশাল নগরীর কলেজ রোডের বাসিন্দা। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি বর্তমানে একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন।
নিপা বলেন, কাগজ বিভিন্নভাবে কেটে ভাঁজ করে তুষারকণার মতো তৈরি করে এই রেকর্ড গড়া হয়েছে। কাগজের স্নো-ফ্লেক তৈরির আগের রেকর্ডটি ২৩ দশমিক ১৬ সেকেন্ডে চীনের এক নাগরিকের দখলে ছিল। আমি সেটি ২১ দশমিক ৮৪ সেকেন্ডে শেষ করে রেকর্ডটি বাংলাদেশে এনেছি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই রেকর্ড করা হলেও কিছুদিন আগে এর স্বীকৃতিপত্র (সার্টিফিকেট) পেয়েছি।
তিনি আরও বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে যেকোনো কিছু অর্জন করা সম্ভব। আমার খেলাধুলার শখ থাকলেও বরিশালে মেয়েদের জন্য তেমন সুযোগ-সুবিধা নেই। তাই ঘরে বসেই দেশ ও আমার শহর বরিশালকে বিশ্বের বুকে তুলে ধরতে এই রেকর্ড করেছি। ভবিষ্যতেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।
এর আগে ২০২১ সালে করোনার সময় এক মিনিটে এক হাতে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করেছিলেন নিপা। ইতালির সিলভিও সাব্বার গড়া রেকর্ড ভেঙে সেবার তিনি প্রথমবার গিনেসে নাম লেখান। পরে ২০২৪ সালে চপস্টিক দিয়ে এক মিনিটে ২৭টি ভাতের দানা মুখে তুলে গড়েছিলেন দ্বিতীয় রেকর্ড।




