নড়াইলের ৬০ শতাংশ রাস্তাই কাঁচা, বর্ষায় বাড়ে ভোগান্তি

নড়াইল জেলার গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে কাঁচা সড়ক। জেলার মোট সড়কের প্রায় ৬০ শতাংশ এখনও পাকা হয়নি। ফলে শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষাকালে কাদা-পানির কারণে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, নড়াইল জেলায় মোট তিন হাজার ২২৫ কিলোমিটার সড়কের মধ্যে এক হাজার ৯৬১ কিলোমিটার কাঁচা এবং এক হাজার ২৬৪ কিলোমিটার পাকা। এর মধ্যে সদর উপজেলায় ৬২ শতাংশ, লোহাগড়ায় ৬০ শতাংশ এবং কালিয়ায় ৫৮ শতাংশ সড়ক এখনও কাঁচা রয়েছে। এছাড়া নতুন করে ৯৪৬ কিলোমিটার দৈর্ঘ্যের এক হাজার ১০০টি সড়ক তালিকাভুক্তির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আরও ২১৪টি সড়ক সরকারি তালিকাভুক্তির প্রক্রিয়ায় রয়েছে।
সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর চরপাড়া গ্রামের বাসিন্দা মনোজিত বিশ্বাস বলেন, বহু বছর ধরে তারা একই ধরনের রাস্তা ব্যবহার করছেন। নির্বাচনের সময় সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে খুব বেশি পরিবর্তন দেখা যায় না।
মুলিয়া ইউনিয়নের ননীখির গ্রামের গোলক বিশ্বাস জানান, বর্ষা মৌসুমে গ্রামের কাঁচা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় কাদা এড়িয়ে চলার জন্য জুতা হাতে নিয়ে রাস্তা পার হতে হয়। দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানান তিনি।
স্থানীয়রা জানান, অনেক রাস্তা এখনও কাঁচা থাকায় বৃষ্টির সময় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। সড়কগুলো সংস্কারের দাবি দীর্ঘদিনের হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর বলেন, জেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নের কাজ চলমান রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী পাঁচ বছরের মধ্যে কাঁচা ও পাকা সড়কের অনুপাত সমপর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।





