ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ব্যবসায়ী বা বালুখেকোদের টাকায় যারা রাজনীতি করে সংসদে যান, তারা কখনও জনগণের স্বার্থের কথা বলেন না। তারা যাদের অর্থে নির্বাচিত হন, তাদের পক্ষেই অবস্থান নেন। কিন্তু যারা জনতার টাকায় ও ভোটে নির্বাচিত হন, তারা জনগণের কাছেই জবাবদিহি করেন।
রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপিঘোষিত দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, গত পাঁচ মাসে সংসদে আমি কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কথা বলে গেছি। কারণ, দিন শেষে আমাদের বৈধতার উৎস হচ্ছে দেশের জনতা। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, আপনারা আমাদের ফ্রিতে ভোট দেবেন, আমরা আপনাদের ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেই আমরা কাজ করছি।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের সময় রাজপথে স্লোগান উঠেছিল—‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’। তখন বলা হয়েছিল আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। কিন্তু শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের উদ্যোগে সেই বিকল্প তৈরি করে দেখিয়েছেন। এই সরকারের ওপর পুরো ভরসা করে আপনারা হাল ছেড়ে দেবেন না। দেশের স্বার্থে ও সংস্কারের পক্ষে নিজেদের দায়িত্ব নিজেদেরই কাঁধে তুলে নিতে হবে।
দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এনসিপির এই নেতা অভিযোগ করেন, আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। আর এখন একটি দলের স্থানীয় নেতারা বালু, নদী ও গরু চুরির সঙ্গে জড়িত। জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি যে কোনো মূল্যে বন্ধ করতে হবে।
আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ প্রজন্ম থেকে আমাদের তুহিন ভাইকে (মো. আরিফুর রহমান তুহিন) এনসিপি থেকে মনোনীত করছি। আপনারা কোনো প্রভাবশালী ব্যক্তির কথায় নয়, নিজের সিদ্ধান্তে মূল্যবান ভোট দেবেন।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, এই ১৯ জুলাই আমাদের ছোট ভাই নাঈম শহীদ হয়েছেন। আজ তার শাহাদাতের দুই বছর পূর্ণ হয়েছে। এই শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। যে নেতা জনগণের রায়ে নির্বাচিত হয়, সেই নেতা কখনো জনগণের সঙ্গে বেইমানি করবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এনসিপির জুলাই পদযাত্রাটি রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যাক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
.png)






