বাথরুমে পাওয়া গেল বস্তাবন্দি কঙ্কালের বিচ্ছিন্ন হাড়, খুলি ও চুল

ফরিদপুরের মধুখালী উপজেলায় বাড়ির কাঁচা বাথরুমের স্ল্যাবের নিচ থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) ভোরে উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ায় কঙ্কাল উদ্ধার করা হয়।
বাড়ির গৃহকর্ত্রী রওশনা বেগম জানান, ভোর প্রায় ৫টার দিকে তিনি বাথরুম ব্যবহারের জন্য গেলে স্ল্যাবের ওপর দাঁড়িয়ে অন্য দিনের তুলনায় অস্বাভাবিক অনুভব করেন। তিনি স্বামী আলী আকবর মণ্ডলকে জানালেও প্রথমে তা গুরুত্ব দেওয়া হয়নি।
পরে আলী আকবর মণ্ডল নিজে বাথরুমে গিয়ে স্ল্যাবের নিচে বস্তাবন্দি অবস্থায় কিছু রয়েছে বলে সন্দেহ করেন। তিনি বিষয়টি পরিবারের সদস্য ও স্বজনদের জানান। দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মধুখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাফিজুর রহমান জানান, বস্তা খুলে দেখা যায় ভেতরে এক নারীর কঙ্কাল রয়েছে। কঙ্কালটির মাথার খুলি মাঝারি আকারের, দীর্ঘ কালো চুলের অংশ পাওয়া গেছে এবং হাড়গুলোর বিভিন্ন জোড়া বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বর্তমানে মধুখালী উপজেলায় কোনো নারী নিখোঁজ থাকার তথ্য থানায় নথিভুক্ত নেই। উদ্ধার হওয়া কঙ্কালটির পরিচয় শনাক্তে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মারুফ হাসান জানান, পুলিশ কঙ্কালটি উদ্ধার করে প্রয়োজনীয় পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.png)






