logo

তাজমিন হত্যা/যেভাবে ও যে অভিযোগে আটক হন রাজু

যেভাবে ও যে অভিযোগে আটক হন রাজু
অভিযান চালিয়ে তাকে আটক করে কক্সবাজার সদর থানা পুলিশ। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

কুমিল্লায় আলোচিত জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রাজুকে আটক করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) অভিযান চালিয়ে তাকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে আটক করেন কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) সাগর। আটকের পর তাকে কক্সবাজার থানায় নেওয়া হয়।

রাজুকে আটকের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।

তবে নিহত ওই কিশোরীকে প্ররোচনার মাধ্যমে বিপথগামী করার অভিযোগে আলোচিত এই তরুণকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েন মামলার তদন্ত কমকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) অর্ণব।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে রাজুর জড়িত থাকার তথ্য প্রাথমিকভাবে আমরা পাইনি। কিন্তু যখন কোনো হত্যাকাণ্ড ঘটে, তার নানা দিক থাকে। সেসব বিবেচনায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তাছাড়া একজন নাবালিকাকে সে যেভাবে কক্সবাজার এনে বিপদে ফেলেছে, সেটিও আইনের চোখে স্বাভাবিক নয়।

এর আগে রোববার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাজমিনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দেন এই কথিত প্রেমিক রাজু। তার দাবি, রাতে তাজমিন কুমিল্লা শহরের বাসায় গিয়ে প্রধান ফটক বন্ধ দেখতে পায়। পরে মা-বাবাকে ফোন করেও সাড়া না পেয়ে বিষয়টি তাকে জানায়।

তার ভাষ্য অনুযায়ী, বাসায় ঢুকতে না পেরে তাজমিন পরে এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানালে তিনি তাজমিনকে ভিডিও কল করেন। এ সময় তাজমিনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় দেখতে পান তিনি। পরে এ নিয়ে তাজমিনকে বকাঝকা করেন বলে দাবি করেন ওই ব্যক্তি।