মোরগ পোলাওতে আস্ত ব্যাঙ!

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি রেস্তোরাঁর মোরগ পোলাওতে আস্ত ব্যাঙ পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার একটি খাবারের দোকান ‘নান্না বিরিয়ানি হাউজ’ থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যদের পরিবেশন করার সময় প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা।
এ ঘটনায় পরিবারের সদস্যরা অবাক হয়ে পড়েন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্ক করা হয়েছে।
