কসবা-আখাউড়ায় হচ্ছে ২ মিনি স্টেডিয়াম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় দীর্ঘদিন ধরে ছাত্র, শিশু ও যুবসমাজের স্বপ্নের মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নকে এলাকার ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি যুগান্তকারী দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার আনুষ্ঠানিক আবেদনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কসবা ও আখাউড়ায় দুটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে কবীর আহমেদ ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে মনোনয়ন দেয় বিএনপি। তবে পরে প্রবীণ এক নেতাকে মনোনয়ন দেওয়ার জন্য তাকে সরে যেতে হয়।
তবে সংসদ সদস্য হতে না পারলেও এলাকার উন্নয়নের বিষয়ে সচেতন কবীর আহমেদ ভূঁইয়া। স্থানীয় যুবসমাজ তার এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছে। এলাকাবাসীর মতে, কবীর আহমেদ ভূঁইয়া এমপি না হয়েও দীর্ঘদিন ধরে এলাকার সার্বিক উন্নয়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছেন।
ইতোমধ্যে কসবা-আখাউড়া অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বহু বছর ধরে স্থবির থাকা উন্নয়নধারা পুনরায় গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী। এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলার প্রসার এবং তরুণ সমাজের প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। উন্নয়নের এই যাত্রায় আমরা সবাই একসঙ্গে আছি। ব্রাহ্মণবাড়িয়ার অগ্রগতি থেমে নেই, থামবেও না ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য একটি আধুনিক, সমৃদ্ধ ও প্রগতিশীল ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা, যেখানে প্রতিটি শিশু, প্রতিটি তরুণ ও প্রতিটি পরিবার উন্নয়নের সমান অধিকার পাবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও যুবসমাজের শক্তিই ব্রাহ্মণবাড়িয়াকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
স্থানীয়রা আশা করছেন, মিনি স্টেডিয়াম নির্মাণ শেষ হলে এটি ক্রীড়া উন্নয়নের পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের সামাজিক-সাংস্কৃতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।