নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গুদাম

নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস জানায়, শিবু মার্কেট এলাকার ওই ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। গুদামের পাশে একটি গাড়ির গ্যারেজ ও একটি মুদির দোকান থাকায় আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, পাশের দোকানগুলোর মালামাল দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।






