সিলেটে ১০ দিনের ব্যবধানে আরেক নারী ছিনতাইয়ের শিকার

সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় ছিনতাইয়ের ঘটনার রেশ না কাটতেই সাগরদিঘীরপাড় এলাকায় প্রায় একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাউজিং এস্টেটের মতো সাগরদিঘীরপাড়ের ছিনতাইয়ের ঘটনারও সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। ছিনতাই রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৫ মার্চ) এ ঘটনা ঘটে বলে শুক্রবার (৬ মার্চ) নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সড়ক দিয়ে এক নারী হেঁটে যাচ্ছেন। পালসার মোটরসাইকেলে আসা দুই যুবক তার পথরোধ করে। যুবকদের হাতে ছিল দেশীয় অস্ত্র। তারা ওই নারীর গলার স্বর্ণালঙ্কান, মোবাইল ফোন, ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই নারী নিজের ব্যাগ-মোবাইল-অলঙ্কার দিতে রাজি হচ্ছেন না। ছিনতাইকারীদের সঙ্গে টানাটানি করছেন। ছিনতাইকারীদের একজন নারীর বাম হাতে ও পিঠে দা দিয়ে আঘাতের ভয় দেখাচ্ছেন। এই সময় আশপাশে গাড়ির আগমন অনুভব করে নারীর হাতঘড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালবেলা ঘটনাটি ঘটেছে। ফুটেজ দেখার পর রাত তিনটার দিকে কোতোয়ালি মডেল থানার ওসি ও তদন্ত অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়। ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি পুলিশ। ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। ফুটেজ সংগ্রহ করে পুলিশের আইপি ক্যামেরার সাহায্যে অপরাধী শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এর আগে ২৪ ফেব্রুয়ারি দুপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাসায় ফেরার পথে নগরের হাউজিং এস্টেট এলাকায় ছিনতাইয়ের শিকার হন একই এলাকার বাসিন্দা এক নারী। ছিনতাইকারীরা তার ব্যাগে থাকা টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা ছিনিয়ে নিয়ে যায়।
১০ দিনের ব্যবধানে দুই দফা ছিনতাইয়ের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তারি।
শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমায় একটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অল্প কয়েক দিনে সিলেটে দুঃখজনভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দিনের বেলায়ও ঘটেছে। এ ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে বলছি—জণগণের প্রত্যাশার বিপরীতে এই ধরনের ঘটনা রোধে যা যা করা দরকার তা করতে যাতে কোনো বিলম্ব করা না হয়। আমরা এ ধরনের একটা ঘটনারও পুনরাবৃত্তি দেখতে চাই না।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের টহল এবং নজরদারি বাড়ানো হবে।