জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ছেলে হাসপাতালে

মানিকগঞ্জের সিংগাইরে জমি নিয়ে বিরোধের জেরে খন্দকার নজরুল নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গোলড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় খন্দকার নজরুলের ছোট ছেলেকেও মারধর করা হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের বড় ছেলে খন্দকার রাফী বলেন, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে তাদের সঙ্গে চাচা খন্দকার ওয়াহিদের বিরোধ চলছিল। আজ দুপুরে খন্দকার নজরুল ছেলেকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমিটি বিক্রি করার উদ্দেশ্যে মাপতে যান। এ সময় খন্দকার ওয়াহিদ তার ছেলে খন্দকার তাসিনসহ বেশ কয়েকজন জমি মাপতে বাধা দেন।
কথা-কাটাকাটির একপর্যায়ে খন্দকার তাসিন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান। হামলায় নজরুল ইসলাম ও তার ছেলে খন্দকার অভি গুরুতর আহত হন। পরে নজরুলকে পাশ্বর্বর্তী সাভার উপজেলার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত খন্দকার অভিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিংগাইর থানা-পুলিশ।
খন্দকার রাফী বলেন, খন্দকার তাসিন ও তার বন্ধুরা মিলে আমার বাবাকে হত্যা করেছে। শুধু বাবাকেই নয়, তারা আমার ছোট ভাইকেও মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা।