শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
সিএনজিচালক হান্নান মিয়া (৩৫) শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা সিএনজিতে থাকা চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।