ভোলার বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভোলার মনপুরায় গভীর রাতে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগে তানজিল হোসেন শান্ত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে হালিম হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার অভিযুক্ত তানজিলকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তানজিল উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ফিরোজের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী মো. মিজান ও অভিযুক্ত মো. তানজিল ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে তানজিল কৌশলে মিজানের ঘরে প্রবেশ করেন। এ সময় মিজানের স্ত্রী চিৎকারের চেষ্টা করলে তার গলায় ছুরি ধরে মেরে ফেলার হুমকি দেন। পরে ধর্ষণ করে চলে যায়। রাতে বাজার থেকে মিজান ঘরে ফিরলে বিস্তারিত জানায় তার স্ত্রী। পরে প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশকে খবর দিলে অভিযান চালিয়ে তানজিলকে আটক করা হয়।
এ বিষয়ে গৃহবধূর স্বামী মো. মিজান বলেন, সে আমার বন্ধু হয়ে এই নিকৃষ্টতম কাজ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


