logo

প্রতিবেশীর লাঠির আঘাতে আহত ছাগল নিয়ে থানায় নারী

প্রতিবেশীর লাঠির আঘাতে আহত ছাগল নিয়ে থানায় নারী
গুরুতর আহত ছাগলছানাকে থানায় ভুক্তভোগী বৃদ্ধা নবিরন নেছা। ছবি : এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর লাঠির আঘাতে গুরুতর আহত ছাগলছানাকে থানায় নিয়ে গেছেন ভুক্তভোগী বৃদ্ধা। এ ঘটনায় ওই বৃদ্ধাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জসিম (৬০) একই উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সিংদাহ গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী মোছা. নবিরন নেছা (৬০) অভিযোগে উল্লেখ করেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তার একটি ছোট ছাগলছানা অসাবধানতাবশত প্রতিবেশী জসিমের বাড়ির গেটের সামনে চলে যায়। এ সময় জসিম ছাগলছানাটিকে লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ছাগলছানাটি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবিরন ছাগলছানাটির অবস্থা দেখতে পান এবং এর কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি তাকে মারধরের জন্য চড়াও হন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্ষা করেন। স্থানীয়দের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি মারধর করতে না পারলেও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী নবিরন নেছা জানান, এই ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।