logo
Advertisement

দুই বছর পর ইউপি কার্যালয়ে অফিস করলেন আ.লীগ নেতা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,মাগুরা
দুই বছর পর ইউপি কার্যালয়ে অফিস করলেন আ.লীগ নেতা
দুই বছর পর ইউপি কার্যালয়ে অফিস করলেন আওয়ামী লীগ নেতা মো. তৈয়েবুর রহমান তুরাপ। ছবি: এশিয়া পোস্ট

মাগুরার মহম্মদপুর উপজেলার ৮ নম্বর নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. তৈয়েবুর রহমান তুরাপ দীর্ঘ দুই বছর পর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অফিস করেছেন। হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদে পুনর্বহাল হওয়ার পর সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মহম্মদপুর উপজেলা সদরে আওয়ামী লীগ নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের গুলিতে আহাদ ও সুমন নামে দুই ছাত্র নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় তৈয়েবুর রহমান তুরাপকে আসামি করা হলে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তার চেয়ারম্যান পদ স্থগিত করা হয়।

মামলায় জামিন নেওয়ার পর চেয়ারম্যান পদ ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট পিটিশন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ১ জানুয়ারি হাইকোর্ট তাকে নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দেন।

হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে মাগুরার জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাহমুদ এ-সংক্রান্ত প্রয়োজনীয় আদেশ জারি করেন। এরপর থেকেই তৈয়েবুর রহমান তুরাপ নিজ বাড়িতে থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে আদেশ পাওয়ার প্রায় ছয়-সাত মাস পর সোমবার প্রথমবারের মতো তিনি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে অফিস করেন।

এদিকে দীর্ঘদিন পর চেয়ারম্যানের পরিষদ কার্যালয়ে ফেরাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ বলেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী আমি পুনরায় নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন পর আজ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অফিস করেছি। এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হইনি, নির্বিঘ্নেই দায়িত্ব পালন করছি।

বিষয় :