সীমান্তে ভারতীয় কয়লা কুড়ানোর হিড়িক

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সীমান্তে ভারতীয় কয়লা কুড়ানোর হিড়িক
কয়লা কুড়ানোর হিড়িক। ছবি: এশিয়া পোস্ট

কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। তেমনি পাহাড়ি ঢলের পানির তোড়ে যখন ভেসে যাচ্ছিল শত শত টন কয়লা, তখন বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন সেই কয়লা কুড়াতে। আর এমন অবস্থার সৃষ্টি হয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও সীমান্তের কলাগাঁও ছড়া এলাকায়।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে তাহিরপুরের কলাগাঁও সীমান্তের কলাগাঁও ছড়া দিয়ে ভেসে আসা ভারতীয় বাংলা কয়লা কুড়াতে দেখা যায় স্থানীয়দের। মাছ ধরার ঠেলা জালসহ নানা সরঞ্জাম দিয়ে ভেসে আসা ভারতীয় কয়লা কুড়িয়ে তীরে তোলেন তারা।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুরে পাহাড়ি ঢলের পানির সাথে মেঘালয় পাহাড় থেকে বাংলা কয়লা ভেসে আসতে থাকে। দেখতে পেয়ে আশপাশের গ্রামের লোকজন সেই কয়লা কুড়িয়ে তীরে তোলেন।

কলাগাঁও গ্রামের বাসিন্দা মোর্শেদ আলম সাদ্দাম বলেন, ভারী বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢলের পানির সাথে মেঘালয় পাহাড় থেকে অনেক বাংলা কয়লা ভেসে এসেছে। আশপাশের লোকজন মাছ ধরার সরঞ্জাম দিয়ে সেই কয়লা কুড়ানোর চেষ্টা করেছেন এবং অনেকেই কয়লা কুড়িয়ে তীরে তুলেছেন।

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, ভারী বৃষ্টি হলেই মেঘালয় পাহাড় থেকে বাংলা কয়লা ভেসে আসে। পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে কয়লা বেশি আসে। এই কয়লা কুড়িয়ে সীমান্তের শত শত পরিবারের সংসার চলে। আজ পাহাড়ি ঢলের সাথে কয়লা আসায় লোকজন কয়লা কুড়িয়ে জমা করেছেন।