logo

রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন
সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালান রাবি শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তদন্ত কমিটির বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটিতে রয়েছেন, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রোববার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটে।

ঘটনার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (এনআরবি) ৪ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন। রোববার রাতে এনআরবির চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে শিক্ষার্থীদের অবস্থান ও অবরোধের কারণে রাজশাহী থেকে ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে রেল যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটে। তবে সোমবার সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে অন্যান্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন গন্তব্যের ট্রেন রাজশাহী ছেড়ে যাচ্ছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

এ বিষয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। তদন্ত কমিটি ঘটনাটির সার্বিক বিষয় পর্যালোচনা করে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।