Advertisement

স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজাদ। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী তানিয়া বেগমকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে মো. আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মো. আজাদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই দিবাগত রাতে তার স্ত্রী তানিয়া বেগমকে হাতে-পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে শক দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ এবং ময়নাতদন্তের প্রতিবেদনে তানিয়া বেগমের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আজাদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় মামলার বিভিন্ন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা করা হয়। পাশাপাশি আদালত সংশ্লিষ্ট নথিপত্র, ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি মো. আজাদকে স্ত্রী হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করেন। পরে মঙ্গলবার আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার পর নিহত তানিয়া বেগমের ভাই কালাম সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর আদালতের রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার পেয়েছি। রায়টি দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।