logo
Advertisement

ময়মনসিংহে দুর্ঘটনাকবলিত সিএনজি-মাহিন্দ্রার ছিল না নম্বরপ্লেট

ময়মনসিংহে দুর্ঘটনাকবলিত সিএনজি-মাহিন্দ্রার ছিল না নম্বরপ্লেট
ময়মনসিংহের ত্রিশালে দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা ও ইউনাইটেড বাস। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের ত্রিশালে দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার কোনোটিরই নম্বরপ্লেট নেই। ধাক্কা দেওয়া ইউনাইটেড বাসটির গতিও ছিল বেপরোয়া।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কাজিরশিমলা এলাকায় দুর্ঘটনার বর্ণনা দিয়ে দিতে গিয়ে এশিয়া পোস্টকে এ কথা জানান ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ।

ওসি মনসুর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ সময় সড়কে পড়ে ছিল নিথর দুইটি মরদেহ। বাসের চালক পুলিশ আসার আগেই পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি জানান, ইউনাইটেড বাসটি বেপরোয়া গতিতে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। গতি কম হলে হয়ত কন্ট্রোল করা যেত। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম এশিয়া পোস্টকে জানান, ঘটনাস্থলে মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আরেকটি বাস দেখে ওভারটেক করতে চেষ্টা করে ঢাকা থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি। এ সময় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে বাসটি উল্টে যায় এবং মারা যান দুইজন। এ ঘটনায় গুরুতর আহত হন ১০ জন।

পুলিশের তথ্যমতে, নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম বজলুর রহমান ডালিম (৩৮)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রুদ্রগ্রাম গ্রামের নূরুল ইসলামের ছেলে।

বাসটির যাত্রী বৃষ্টি আক্তার জানান, বাসের চালক হঠাৎ অজ্ঞান হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে মাহিন্দ্রা ও অটোরিকশাটিকে ধাক্কা দেওয়ার পর বাসটি মহাসড়কের পাশে প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানা প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আল আমিন জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও চারজন নারী রয়েছে। তাদেরকে ভর্তি করে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ঘাতক বাসসহ মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।