ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সেখানে মোট ২০ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন মোট ১০৩ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া দুজন হলেন—ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নুরুল আমিনের ছেলে আল আমিন (৩৫) এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার গাছতলা এলাকার ইসহাক মিয়ার স্ত্রী কুলসুমা (৫০)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন আল আমিন। ডেঙ্গু জ্বরের পাশাপাশি তার তীব্র কিডনি কার্যক্ষমতা হ্রাস, ডায়াবেটিস ও হৃদরোগ ছিল। অন্যদিকে কুলসুমাকে ভর্তি করা হয় একই দিন বিকেল চারটার দিকে। তিনি ডেঙ্গু জ্বরের পাশাপাশি তীব্র কিডনি বিকল অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। দুইজনকেই নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হলে বৃহস্পতিবার আল আমিন বেলা সাড়ে ১১টায় এবং কুলসুমা সকাল সাড়ে ১০টায় মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন ১০৩ জনের মধ্যে ৫৭ জন পুরুষ, ৩৬ জন নারী এবং ১০ জন শিশু। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৭৫ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বমোট ২ হাজার ৩৮৪ জন ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ২০ জন মারা গেছেন। এর আগে গত বছর (জানুয়ারি থেকে ডিসেম্বর) মোট ২ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন।

