অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে সাইফুল ইসলাম কালু (২৪) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের সাতপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম আখাউড়া উপজেলার ধরখার এলাকার মৃত সেতু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সাইফুল ইসলাম নিজেই অটোরিকশা চালিয়ে তন্তর বাজার থেকে ধরখার বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সাতপুকুরপাড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের গ্লাস ভেঙে তার গলায় ঢুকে গিয়ে তিনি গুরুতর জখম হন।
পরবর্তীকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান করা হবে।
